আমেরিকার প্রতি ভারতীয়দের আস্থা ২৫ বছরের সর্বনিম্ন ট্রাম্পের নীতি নিয়ে বাড়ছে অস্বস্তি

আন্তর্জাতিক জনমত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, গত প্রায় ২৫ বছরের মধ্যে ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি এবং মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৬ সালের ওই সমীক্ষায় উঠে এসেছে যে, বর্তমানে মাত্র ৪৫ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে, ৩১ শতাংশ ভারতীয়র দৃষ্টিভঙ্গি নেতিবাচক, যা গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। এছাড়া আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা প্রকাশ করেছেন মাত্র ৩৯ শতাংশ ভারতীয়, যা বিগত ২৫ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন।

বিজ্ঞাপন

২০২৫ সালের তুলনায় পরিস্থিতির এই অবনমন বেশ নাটকীয়। গত বছর যেখানে ৫৪ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব জানিয়েছিলেন, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে তা নয় শতাংশ কমে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে নেতিবাচক মতামতের হার ১৯ শতাংশ থেকে বেড়ে ৩১ শতাংশে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও একই ধারায় নিম্নমুখী; গত বছর তাঁর প্রতি ৫২ শতাংশ ভারতীয়র আস্থা থাকলেও বর্তমানে তা ১৩ শতাংশ কমে ৩৯ শতাংশে নেমে এসেছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের গৃহীত বিভিন্ন আন্তর্জাতিক নীতি নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। বিশেষ করে বৈশ্বিক শুল্ক নীতি, ভেনেজুয়েলা ও ইরান সংক্রান্ত মার্কিন কূটনীতি, কঠোর অভিবাসন নীতি এবং গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের অবস্থান ভারতীয় জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করেন মাত্র ৩২ শতাংশ ভারতীয়, আর ইরান ও ভেনেজুয়েলা সংক্রান্ত নীতিতে সমর্থনের হার যথাক্রমে ২৮ শতাংশ ও ১৭ শতাংশ।

ঐতিহাসিকভাবে ভারতের জনমতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি দীর্ঘ সময় ইতিবাচক ছিল। ২০০৫ সালে ৭১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বারাক ওবামার শাসনামলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হয়েছিল; ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাবের হার সর্বোচ্চ ৭৬ শতাংশে পৌঁছেছিল। এমনকি জো বাইডেনের মেয়াদের শেষ দিকে জনপ্রিয়তা হ্রাস পেলেও, বর্তমানের মতো এত বড় পরিসরে নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

পিউ রিসার্চ সেন্টারের এই বিশদ সমীক্ষাটি পরিচালনার ক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রান্তে ৩ হাজার ৫৬৬ জন প্রাপ্তবয়স্কের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জরিপ কাজে ১৩টি ভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে এবং আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপের সহায়তা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, বর্তমান জনমতের এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নীতিগত মতপার্থক্য এবং বৈশ্বিক নানা ইস্যুতে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানই ভারতীয়দের এমন নেতিবাচক মনোভাবের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%