AdvertisementAdvertisement

নিট অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে থালা-চামচ বাজিয়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হতে যাচ্ছে দিল্লির যন্তর মন্তর। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিনব উপায়ে প্রতিবাদের নির্দেশ দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ২০২০ সালে করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘থালা বাজানোর’ সেই আলোচিত ডাককেই এবার সরকারবিরোধী আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দলটি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে কর্মীদের থালা ও চামচ নিয়ে বিক্ষোভে উপস্থিত হওয়ার আহ্বান জানান। দলটির দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি আদায়েই এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিল্লি পুলিশের অনুমতিপ্রাপ্ত এই বিক্ষোভ ২০ জুন দুপুর ১টায় শুরু হওয়ার কথা রয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকা ও এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

Advertisement
বিজ্ঞাপন

সিজেপি-এর এটি যন্তর মন্তরে দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি। এর আগে ৬ জুন সেখানে দলটির কর্মীরা রাজপথে নেমেছিলেন। এছাড়া পুনে, লখনউ, অমৃতসর, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও জয়পুরের মতো ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সিজেপি-এর ব্যানারে ধারাবাহিক বিক্ষোভ চলছে। আন্দোলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে অভিজিৎ দীপকে দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, অব্যবস্থাপনা ও প্রশ্ন ফাঁসের ঘটনায় গত ৪৮ ঘণ্টায় পাঁচ শিক্ষার্থীসহ মোট ১১ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশ শিক্ষার্থীদের অভিভাবকদের আর্থিক সহায়তার দাবিও তুলেছে দলটি। অভিজিৎ দীপকের মতে, ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা উচিত। দায়বদ্ধতা নিশ্চিত করার প্রথম ধাপ হিসেবে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় এই অচলাবস্থা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%