ফ্রান্সে ফুটবল ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে রেফারি আহত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর ফরবাখের শ্লোসবের্গ স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন রেফারি মাটিল্ড ডেমোনসে। গত শনিবার ফরাসি ক্লাব মেস এবং ডাচ ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যকার ম্যাচটি পরিচালনার সময় খেলোয়াড়দের মধ্যকার বিবাদের মুখে পড়ে মাঠেই লুটিয়ে পড়েন ২৬ বছর বয়সী এই রেফারি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং পরবর্তীতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

ম্যাচটির ৪০তম মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই উত্তেজনা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় এবং খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রমবর্ধমান বিবাদ থামাতে হস্তক্ষেপ করতে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েন ডেমোনসে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই দৃশ্যটি যখন ঘটে, ঠিক তখনই তার পেছনে থাকা একটি বড় সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা ছিল—‘রেফারিকে শ্রদ্ধা করুন’।

রেফারিকে মাটিতে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী এবং চিকিৎসা সহায়তাকারীরা মাঠে ছুটে আসেন। বেশ কয়েক মিনিট মাঠেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ডেমোনসেকে। প্রাথমিক চিকিৎসার পর খেলা পুনরায় শুরু হলে তিনি সহকারী রেফারির দায়িত্ব পালন করলেও প্রথমার্ধ শেষে তীব্র অসুস্থতা বোধ করায় আর খেলা চালিয়ে যেতে পারেননি। তার পরিবর্তে অন্য একজন দায়িত্ব বুঝে নেন।

উল্লেখ্য, এই প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব মেস ৩-১ গোলে জয়লাভ করে। ডাচ ক্লাব ফরচুনা সিটার্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ম্যাচটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও এই অপ্রীতিকর ঘটনাটিকে কেবল একটি ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেই ক্ষান্ত হয়েছে। অন্যদিকে, ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি মেস কর্তৃপক্ষ। খেলোয়াড়দের এই বিশৃঙ্খল আচরণ ফুটবল মাঠে নিরাপত্তার প্রশ্নটিকে পুনরায় জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%