দক্ষিণ চীন সাগরে মালবাহী জাহাজডুবি, ১৮ ভিয়েতনামি নিখোঁজ

দক্ষিণ চীন সাগরে একটি ভিয়েতনামি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জাহাজটি ডুবে যাওয়ার সময় এতে ৬২ জন ভিয়েতনামি নাগরিক আরোহী হিসেবে ছিলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন-এর তথ্য অনুযায়ী, ঘটনার ২৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় একটি বিপদ সংকেত বা ডিসট্রেস ফ্লেয়ার শনাক্ত করার মাধ্যমে চীনা কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে প্রথম অবগত হয়।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বর্তমানে চীন ও ভিয়েতনামের সমন্বিত উদ্ধার অভিযান চলছে। বেইজিংয়ের পক্ষ থেকে ছয়টি জলযান এবং একটি উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, অন্যদিকে ভিয়েতনামও তাদের নিজস্ব একটি জাহাজ সহায়তা কার্যক্রমের জন্য প্রেরণ করেছে।

দুর্ঘটনার কবলে পড়া সত্তর মিটার দীর্ঘ এবং ৯৯৯ টন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটির নিখোঁজ আরোহীদের উদ্ধারে রবিবারও জোর তৎপরতা অব্যাহত ছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে এবং বিশাল সমুদ্র এলাকায় নিখোঁজদের খুঁজে বের করা নিয়ে উদ্ধারকারী দলগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে।

উল্লেখ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর অঞ্চলটি বর্তমানে বিভিন্ন দেশের ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মতো দেশগুলো এই জলসীমার মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদে লিপ্ত। বিশেষ করে স্প্রাটলি দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে এই দেশগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক দাবি রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%