নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর, অভিযুক্ত যুবদল কর্মীরা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মীদের বিরুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচি ও বইমেলা চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতে তার অনুসারীরা অতর্কিতভাবে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের উদ্বোধনী পর্যায়ে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যুবদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হলে জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন। তবে অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে অকিল উদ্দিন ভূঁইয়া যখন প্রাঙ্গণ ত্যাগ করছিলেন, তখন যুবদল কর্মীরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। হামলায় অকিল উদ্দিনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয় এবং তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
হামলার শিকার অকিল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, জেলা পরিষদের প্রশাসকের কক্ষ থেকে মশিউর রহমান রনির সঙ্গে নিচে নামার সময় রনির উপস্থিতিতেই তার অনুসারীরা এই হামলা চালায়। যদিও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য মশিউর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপিতে কোনো সন্ত্রাসীকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।