ব্রিটেনে যৌন অপরাধের দায়ে অভিযুক্ত টেইট ভাইদের হস্তান্তরে বাধা দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের প্রসিকিউটরদের আনা যৌন নিপীড়নের নতুন ডজন ডজন অভিযোগে অভিযুক্ত বিতর্কিত অনলাইন ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট এবং ট্রিস্টান টেটকে বিচারের মুখোমুখি করতে তাদের প্রত্যর্পণের পথ প্রশস্ত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রত্যর্পণ প্রক্রিয়া ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ফ্লোরিডার মায়ামিতে গত শনিবার গ্রেফতার হওয়ার পর দুই ভাইয়ের বিরুদ্ধে আনা ধর্ষণ, মানবপাচার ও নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে ‘না’ সূচক উত্তর দিয়ে এ বিষয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। ফিলিপাইন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই সুরে জানিয়েছেন যে, এই বিচারিক প্রক্রিয়ায় মার্কিন সরকারের কোনো ধরনের ভূমিকা রাখার সুযোগ নেই। অ্যান্ড্রু এবং ট্রিস্টান টেট অতীতে ডোনাল্ড ট্রাম্পের সরব সমর্থক ছিলেন এবং ট্রাম্পের পুত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা ছিল, গত ২০২৪ সালের নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের কাছে টেট ভাইদের জনপ্রিয়তাকে পুঁজি করে ট্রাম্প তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, যা শেষ পর্যন্ত অমূলক প্রমাণিত হয়েছে।

যুক্তরাজ্যের আইনজীবীদের তথ্যমতে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে এই দুই ভাই ভয়াবহ সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি ধর্ষণ, তিনটি যৌন পাচার ও তিনটি নির্যাতনের অভিযোগ ছাড়াও শিশু পর্নোগ্রাফি ও অশালীন ছবি সংশ্লিষ্ট ১৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ট্রিস্টান টেটকে একটি যৌন নির্যাতন, দুটি ধর্ষণ এবং তিনটি যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তবে টেট ভাইদের আইনজীবী জোসেফ ম্যাকব্রাইড দাবি করেছেন যে, এসব অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে আনা হয়েছে। এর আগেও রোমানিয়ায় মানবপাচার, নাবালিকা যৌন নির্যাতন এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগের মুখে পড়েছিলেন তারা। সেই অভিযোগগুলোর জেরে চাপের মুখে পড়ে ২০২৫ সালে তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। বর্তমানে ফ্লোরিডাতেও তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চলমান রয়েছে, যার চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%