পটিয়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী মো. দেলোয়ার হোসেন এবং ৩৩ বছর বয়সী মো. মহসিন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে ডিবির একটি চৌকস দল প্রতিকূল পরিবেশ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়ার ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা এবং লোহা কাটার একটি যন্ত্রসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই ইউনিয়নের ছাতিভাঙ্গা এলাকার একটি বাগান থেকে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং দুর্গম এলাকাসহ পুরো জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং নেপথ্যে থাকা সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%