ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর অপসারণ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ, জেলেনস্কির সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল কিয়েভ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে কিয়েভসহ দেশটির প্রধান শহরগুলোতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কিয়েভের ইভান ফ্রাঙ্কো ন্যাশনাল থিয়েটারের সামনে জড়ো হওয়া শত শত মানুষ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি লভিভ, ওদেসা ও দিনিপ্রোর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

কিয়েভের বিক্ষুব্ধ জনতা এ সময় ‘লজ্জা’ স্লোগান দেওয়ার পাশাপাশি হাতে থাকা প্ল্যাকার্ডে ‘রুশরা উদযাপন করছে’ বলে বার্তা ফুটিয়ে তোলেন। এই বিক্ষোভস্থল প্রেসিডেন্টের কার্যালয়ের অত্যন্ত কাছে অবস্থিত, যেখানে গত জুলাই মাসেও জনচাপের মুখে জেলেনস্কি দুর্নীতিবিরোধী সংস্থার স্বাধীনতা খর্ব করার বিতর্কিত সিদ্ধান্ত থেকে পিছু হটেছিলেন। ফেদোরভকে সরানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরাইদেঙ্কোর পদত্যাগের মাধ্যমে জেলেনস্কির এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই মন্ত্রিসভা পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ইউক্রেনীয় জনগণের সেবা করতে পারাকে নিজের জীবনের অন্যতম সম্মান হিসেবে অভিহিত করেছেন। নিজের মেয়াদকালের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি রাশিয়ান বাহিনীর জন্য স্টারলিংক সংযোগ বিচ্ছিন্ন করা এবং অভ্যন্তরীণ ড্রোন উৎপাদন কর্মসূচি জোরদার করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই প্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিরক্ষা কেনাকাটায় স্বচ্ছতা আনা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে যুদ্ধক্ষেত্রে তথ্যনির্ভর কৌশল গ্রহণের জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা ক্রয়খাতে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান এবং সংস্কার প্রচেষ্টার কারণে সরকারের প্রভাবশালী ও সামরিক মহলের একাংশের বিরাগভাজন হয়েছিলেন ফেদোরভ। তবে তার সমালোচকদের দাবি, সামরিক নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানোর প্রতিশ্রুতি পূরণে তিনি যথেষ্ট গতি দেখাতে পারেননি। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাবের দিকে ইঙ্গিত করে নতুন করে ঐক্যবদ্ধ কাজের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ইউক্রেনীয় পার্লামেন্ট বৃহস্পতিবার নতুন যুদ্ধকালীন সরকার গঠনের লক্ষ্যে ভোটাভুটির প্রস্তুতি নিয়েছে। নতুন মন্ত্রিসভায় অভ্যন্তরীণ মন্ত্রী ইহোর ক্লিমেনকোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত করা হতে পারে বলে ধারণা করছেন আইনপ্রণেতারা। এছাড়া জ্বালানি খাতের নির্বাহী সেরহি কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%