ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৮৮৯, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় বিশ্ব সংস্থা

ভেনিজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটির আইন প্রণেতা হোর্হে রদ্রিগেস বৃহস্পতিবার জানিয়েছেন, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১৭ হাজার ৯০৭ জন মানুষ।

বিজ্ঞাপন

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ভেনিজুয়েলার উত্তর উপকূলীয় এলাকায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। সংস্থাটির মতে, সুপেয় পানির তীব্র সংকট এবং নিয়মিত চিকিৎসাসেবার অভাবে বাস্তুচ্যুত মানুষের মধ্যে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্রতর হচ্ছে।

পিএএইচও পরিচালক জারবাস বারবোসা সতর্ক করে বলেছেন, আসন্ন সপ্তাহগুলোতে কেবল ভূমিকম্পজনিত জখমই নয়, বরং চিকিৎসাসেবার বিঘ্ন, জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র এবং স্যানিটেশন ব্যবস্থার অভাব স্বাস্থ্য পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে। এ ছাড়া টিকাদান কর্মসূচি ও নিত্যদিনের চিকিৎসাসেবা ব্যাহত হওয়া জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি তৈরি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় ভেনিজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাটি। মূলত আশ্রয়কেন্দ্রগুলোতে শ্বাসকষ্ট ও পরিপাকতন্ত্রের কোনো প্রাদুর্ভাব দেখা দিচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টিকাদানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই মানবিক বিপর্যয় সামাল দিতে জাতিসংঘ ১৩ লক্ষ অসহায় মানুষের সহায়তার জন্য প্রায় ৩০ কোটি ডলারের জরুরি তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মেরামত এবং অস্থায়ী ক্যাম্পগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে দ্রুত ১৫ মিলিয়ন ডলার অর্থ ছাড়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি তাগিদ দিয়েছে পিএএইচও।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%