সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা লড়াই এখন ইংল্যান্ডের সঙ্গে

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো এই শ্বাসরুদ্ধকর ম্যাচে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার এক দুর্দান্ত গোল আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে দেয়।

বিজ্ঞাপন

ম্যাচের ১০ম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডের মাধ্যমে দলকে লিড এনে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে প্রথমার্ধে আধিপত্য ধরে রাখতে হিমশিম খেতে হয় ল্যাতিন আমেরিকান জায়ান্টদের। ম্যাচের ৬৭তম মিনিটে ড্যান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান।

ম্যাচের ৭২তম মিনিটে বিতর্কিত এক সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে। রেফারি জোয়াও পিনহেইরো ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা ম্যাচটিকে নতুন মোড় দেয়। নির্ধারিত সময়ে আর্জেন্টিনা জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও লিসান্দ্রো মার্তিনেজের বাইসাইকেল কিক গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হয়। এছাড়া মেসি গোল করার সুযোগ পেলেও অফসাইডের ফাঁদে আটকা পড়েন।

নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২তম মিনিটে ডি-বক্সের ২৫ গজ দূর থেকে হুলিয়ান আলভারেজের এক চোখ ধাঁধানো শট সরাসরি জড়িয়ে যায় সুইসদের জালে। এরপর ম্যাচের শেষ মুহূর্তে প্রতি আক্রমণে থিয়াগো আলমাডার শট থেকে বল পেয়ে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোলটি করলে জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

বিজ্ঞাপন

এই জয়ের ফলে বুধবার আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে, মঙ্গলবার অপর সেমিফাইনালে স্পেন লড়বে ফ্রান্সের বিপক্ষে। এর আগে ইতালি এবং ব্রাজিল টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছিল। সেই রেকর্ডের পথে থাকা আর্জেন্টিনা এবার নরওয়েকে হারিয়ে আসা ইংল্যান্ডের বাধা পেরোনোর অপেক্ষায়। ৩৯ বছর বয়সী মেসি তার ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দাঁড়িয়েও যেভাবে জাদুকরী মুহূর্ত উপহার দিচ্ছেন, তাতে আলবিসেলেস্তেরা স্বপ্ন দেখছে আরও একবার বিশ্ব জয়ের।

0%
0%
0%
0%