মোংলা-খুলনা চার লেন ও সেতু নির্মাণের দাবিতে রাজপথে এনসিপি

বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন নিউ মেইন রোডে মঙ্গলবার রাতে আয়োজিত এক পথসভায় মোংলা-খুলনা মহাসড়ককে চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় তিনি বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের এই দাবিগুলো বাস্তবায়নে তার দল রাজপথে থেকে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ তা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে একটি মহল অনৈতিক সুবিধা নিচ্ছে এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। মাদকের বিস্তার রোধে সরকারের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অসাধু চক্রের কারণে দেশের তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

পথসভা শেষে শাপলা চত্বর থেকে নিউ মেইন রোড পর্যন্ত দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। জনগণের মৌলিক দাবি আদায় এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%