ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যে দামেস্কে বোমা হামলার দায় স্বীকারকারী চক্র আটক

সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিনের মাথায় এর সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী চক্রকে গ্রেফতারের দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন যে, অভিযুক্তদের ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের পরিচয়, সংশ্লিষ্টতা এবং নাশকতার পেছনের প্রকৃত উদ্দেশ্য জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার যখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ দামেস্কে অবস্থান করছিলেন, ঠিক তখনই শহরটিতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। মাক্রোঁর সফরকালীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই হামলার ঘটনা দেশটির ভঙ্গুর স্থিতিশীলতার চিত্র নতুন করে সামনে এনেছে। দামেস্ক ও এর আশপাশের চারটি এলাকায় একযোগে অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একটি বিস্ফোরক যন্ত্র রাখা ছিল রাস্তায় পার্ক করা একটি গাড়ির ভেতরে এবং অন্যটি লুকানো ছিল একটি ডাস্টবিনের ভেতর। বিস্ফোরক বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করার প্রচেষ্টার সময়ই বিস্ফোরণগুলো ঘটে। ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আহতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না। তবে এই নাশকতা যেন রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। মঙ্গলবারের এই ভয়াবহ হামলায় ৩৬ জন আহত হয়েছেন। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর কোনো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতার এটাই প্রথম সিরিয়া সফর ছিল, যা এই হামলার কারণে কিছুটা ম্লান হয়ে পড়েছে।
এর আগে গত সপ্তাহে দামেস্কের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ ক্যাফেতে অপর একটি বোমা হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই হামলার দায় কোনো পক্ষ স্বীকার না করলেও দামেস্কের গভর্নর মাহের মারওয়ান একে দেশের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা বলে অভিহিত করেছিলেন। একের পর এক এসব নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সিরিয়ার বর্তমান নাজুক পরিস্থিতির ভয়াবহতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
তথ্যসূত্র: আল জাজিরা