ম্যাথিউ পেরির সাবেক সহকারীকে ৪১ মাসের কারাদণ্ড

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-এর তারকা ম্যাথিউ পেরি মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাসের কারাদণ্ড দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। বুধবার বিচারক শেরিলিন গার্নেট এই রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তির বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত নিষ্পত্তি ঘটল।
আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর কেনেথ ইওয়ামাসা ম্যাথিউ পেরির অনুরোধে তাকে কিটামিন ইনজেকশন দেন। কোনো ধরনের চিকিৎসা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও ইওয়ামাসা ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়মিত তাকে এই নেশাজাতীয় ওষুধ সরবরাহ করতেন। সেদিন ইনজেকশন দেওয়ার পর কেনেথ বাইরে গেলে ফিরে এসে পেরির নিথর দেহ বাড়ির হট টাবের পানিতে ভাসমান অবস্থায় খুঁজে পান। মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হওয়া এই অভিনেতার শরীরে অতিরিক্ত কিটামিনের উপস্থিতির বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়।
আদালতে নিজের অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন ৬১ বছর বয়সী ইওয়ামাসা। তিনি বলেন, তার কর্মকাণ্ডের জন্য তিনি আজীবন লজ্জিত থাকবেন এবং এই গ্লানি নিয়ে তাকে কবরে যেতে হবে। তবে পেরির সৎ বাবা কিথ মরিসন আদালতে ইওয়ামাসার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। মরিসন প্রশ্ন তোলেন, ইওয়ামাসা চাইলে তাকে আরও ইনজেকশন না দিয়ে জরুরি কোনো সহায়তা বা চিকিৎসক ডাকতে পারতেন।
ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় জড়িত আরও চারজনকে এই মামলায় দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ড্রাগ ডিলার জাসভিন সাংঘাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চিকিৎসক সালভাদর প্লাসেনসিয়াকে আড়াই বছরের কারাদণ্ড এবং অপর চিকিৎসক মার্ক শ্যাভেজকে আট মাসের গৃহবন্দিত্বের নির্দেশ দেন আদালত। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ড্রাগ কাউন্সিলর এরিক ফ্লেমিং পেয়েছেন দুই বছরের কারাদণ্ড।
দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও মাদকাসক্তিতে ভুগছিলেন ম্যাথিউ পেরি। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, পেরি কিটামিনের ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন এবং ইওয়ামাসা তাকে এই নেশায় সহায়তা করছিলেন। মৃত্যুর আগের কয়েক দিনে পেরি ইওয়ামাসার হাত দিয়ে ২৫ বারেরও বেশি ইনজেকশন নিয়েছিলেন, যার মধ্যে মৃত্যুর দিনই তিনটি ডোজ দেওয়া হয়েছিল। এই মামলার রায় ঘোষণার মাধ্যমে বিশ্বখ্যাত এই অভিনেতার অকাল মৃত্যুর রহস্য ও তার নেপথ্যে থাকা চক্রের বিচারের অধ্যায় শেষ হলো।
তথ্যসূত্র: আল জাজিরা