রাশিয়ার রিয়াজানে ইউক্রেনীয় ড্রোনের আঘাত ওয়াইল্ডবেরিসের গুদাম থেকে কর্মী সরিয়ে নেওয়ার নির্দেশ

ইউক্রেনীয় ড্রোন হামলার জেরে রাশিয়ার রিয়াজান শহরে অবস্থিত শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলার প্রেক্ষিতে রাশিয়ার শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’ তাদের স্থানীয় গুদামগুলো থেকে কর্মীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে অঞ্চলটির আকাশসীমায় ৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে ধ্বংসাবশেষের আঘাতে একাধিক শিল্পস্থাপনা ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে জানিয়েছেন, এই ঘটনায় ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিয়েভের অভিযোগ রয়েছে যে, ওয়াইল্ডবেরিজ রুশ বাহিনীকে রসদ সরবরাহে সহায়তা করছে, আর সেই কারণেই প্রতিষ্ঠানটির স্থাপনাগুলো ইউক্রেনীয় বাহিনীর মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েক দিনে অন্তত সাতটি গুদামে ড্রোন হামলার ফলে প্রতিষ্ঠানটির প্রায় ১০ শতাংশ মজুদ সক্ষমতা ধ্বংস হয়েছে। এতে ওয়াইল্ডবেরিজের কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
একই সময়ে দক্ষিণ রাশিয়ার তাগানরোগ শহরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানলে এক নারী নিহত ও এক ব্যক্তি আহত হয়েছেন। আজভ সাগরের তীরবর্তী এই শহরটিতে বেশ কিছু শিল্পস্থাপনা ও শস্য টার্মিনাল রয়েছে। অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। এছাড়াও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন, বিমান থেকে নিক্ষিপ্ত বোমা ও কামানের গোলার আঘাতে এক শিশুসহ অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।
কালো সাগর ও আজভ সাগরের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক পথকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেন একে অপরের জলযান লক্ষ্য করে আক্রমণ বাড়িয়ে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওদেসা বন্দরের পূর্বে অস্ত্রবাহী দুটি জাহাজে তাদের ড্রোন আঘাত হেনেছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে অঞ্চলে তেল ও শস্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেনি খমারা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সমানে সমান লড়াই না করে কিয়েভ এখন কৌশলী ও অপ্রতিসম যুদ্ধের ওপর জোর দিচ্ছে।
এদিকে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে রাশিয়ার আকাশ হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টর উৎপাদন এবং চলমান যুদ্ধ অবসানে শান্তি আলোচনার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমন এক অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উভয় দেশের সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা