দেশের সব বিভাগে আজ শুক্রবার (৯ অক্টোবর) রাত আটটার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন। মেঘালয় পর্বত ও স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে সকাল আটটা থেকে দুপুর ১২টার মধ্যে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোতে। এছাড়া বরিশাল বিভাগে সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এবং সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে ভোলা ও পটুয়াখালীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে সকাল ১০টা থেকে দুপুর তিনটার মধ্যে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে সকাল আটটা থেকে দুপুর ১২টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে হালকা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগে সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় এবং দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে সকাল ১০টা থেকে দুপুর তিনটার মধ্যে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
রংপুর ও রাজশাহী বিভাগে অপেক্ষাকৃত দেরিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর বিভাগে দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে এবং রাজশাহী বিভাগে বিকেল চারটা থেকে রাত ১০টার মধ্যে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সকালেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার দক্ষিণ জেলার বিভিন্ন অংশে সকাল ১১টা থেকে বিকেল পাঁচটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে।