আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দুবাইয়ে নতুন শুরুর অপেক্ষায় কে এস ভরত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই নতুন দিগন্তের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার কে এস ভরত। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী এই ক্রিকেটার এখন দুবাইয়ে স্থায়ীভাবে অবস্থান করছেন এবং আমিরাতের ক্রিকেট অঙ্গনে দীর্ঘমেয়াদী পেশাদারিত্বের সুযোগ খুঁজছেন।

বিজ্ঞাপন

আমিরাত ক্রিকেট বোর্ডের আয়োজনে শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ১ মাঠে শুরু হওয়া এক টুর্নামেন্টে ইতিমধ্যে অংশ নিয়েছেন ভরত। তাকে যুক্ত করা হয়েছে টিম স্ট্যালিয়নস দলে। চার দলের এই সংক্ষিপ্ত টুর্নামেন্টে স্ট্যালিয়নস ছাড়াও টিম ফ্যালকনস, টিম লিওপার্ডস এবং টিম ঈগলস প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত ক্রিকেটারদের ধৈর্য ও দীর্ঘ ফরম্যাটের মানসিকতা বিকাশের লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভরতের এই পদচারণা আসন্ন আইএলটি টোয়েন্টিকে ঘিরে। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাতের এই জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। ভরত সেই নিলামে নাম লেখানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন এবং এরই মধ্যে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমিরাত ক্রিকেটের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, অন্যান্য দেশের অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের মতো ভরতও সেখানে ক্যারিয়ারের নতুন সুযোগ খুঁজছেন।

অন্ধ্র প্রদেশের এই ক্রিকেটার ভারতের হয়ে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। বিজয় শঙ্করের মতো তিনিও সম্প্রতি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়। মূলত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নতুন অবসর নীতি তৈরির সিদ্ধান্তের পরপরই এমন বড় পদক্ষেপগুলো আসতে শুরু করেছে। বিসিসিআই তাদের শীর্ষ কাউন্সিলে এ বিষয়ে একটি খসড়া নীতি প্রণয়নের কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত- শ্রীকর ভারত
0%
0%
0%
0%