মুবালা ডি সি ওপেনে ইতিহাস গড়ে শিরোপা জয় আলেকজান্দ্রা ইলার ট্রফি জিতলেন টেইলর ফ্রিজ

ফিলিপিন্সের টেনিস ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করলেন আলেকজান্দ্রা ইয়ালা। মুবাদালা ডিসি ওপেনের ফাইনালে শীর্ষ বাছাই জেসিকা পেগুলাকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারিয়ে তিনি প্রথম ফিলিপিনো হিসেবে ডব্লিউটিএ ট্যুর পর্যায়ের একক শিরোপা জয়ের অনন্য গৌরব অর্জন করলেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দুই দিন ধরে চলা এই ফাইনাল শেষে শেষ হাসি হেসেছেন ২১ বছর বয়সী এই তরুণী।
রবিবার বৃষ্টির বাগড়ায় যখন খেলা স্থগিত হয়, তখন এক সেটে এগিয়ে ছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা পেগুলা। দ্বিতীয় সেটে অবশ্য ২-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি। সোমবার খেলা পুনরায় শুরু হলে যেন নতুন এক ইয়ালাকে দেখল কোর্ট। পেগোলার অভিজ্ঞতাকে চ্যালেঞ্জ জানিয়ে আক্রমণাত্মক বেসলাইন প্লে ও দুর্দান্ত সার্ভিসের পসরা সাজিয়ে শেষ ১৩টি গেমের মধ্যে ১০টিতেই জয় তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৪, ৬-০ সেটের জয়ে শিরোপা নিশ্চিত করেন এই উদীয়মান তারকা।
ম্যাচ শেষে আবেগাপ্লুত ইয়ালা দর্শকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরে বলেন, এই শিরোপা আমার ক্যারিয়ারের এক বিশাল মাইলফলক। প্রথম সুযোগেই চ্যাম্পিয়ন হতে পারাটা যেমন আনন্দের, তেমনি এটি আমার আগামীর পথচলাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ইয়ালার এই অসাধারণ উত্থানের প্রশংসা করে পেগুলা বলেন, গত কয়েক বছরে তোমার উন্নতি সত্যিই বিস্ময়কর। কোর্টে তোমার বিপক্ষে খেলা কঠিন হলেও দর্শক হিসেবে তোমার এই পথচলা দেখাটা দারুণ এক অভিজ্ঞতা।
এদিকে পুরুষ এককের ফাইনালে নিজের অভিজ্ঞতা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আমেরিকান তারকা টেইলর ফ্রিৎজ। তিনি স্প্যানিশ কিশোর রাফায়েল জোদারকে ৭-৬(২), ৬-৪ সেটে পরাজিত করে ক্যারিয়ারের ১১তম এটিপি শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন। হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরা ফ্রিৎজ এই ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন। নিজের প্রথম সার্ভিসে ৮১ শতাংশ পয়েন্ট জিতে তিনি প্রতিপক্ষকে পাত্তাই দেননি।
টানটান উত্তেজনার প্রথম সেটের টাইব্রেকার জেতার পর দ্বিতীয় সেটে গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট আদায় করে জয় নিশ্চিত করেন ২৮ বছর বয়সী এই আমেরিকান। বৃষ্টির কারণে নানা বাধার মুখে পড়া এই টুর্নামেন্টের সফল সমাপ্তি হলো। এখন টেনিস বিশ্বের নজর ইউএস ওপেনকে কেন্দ্র করে নর্থ আমেরিকান হার্ডকোর্ট মৌসুমের দিকে।
