AdvertisementAdvertisement

অ্যাবোটাবাদে প্রবল বর্ষণে নালার স্রোতে ভেসে দুই স্কুলছাত্রীর মৃত্যু, নিখোঁজ এক

পাকিস্তানের অ্যাবটাবাদে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় তিন স্কুলছাত্রী ভেসে যাওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার প্রবল বৃষ্টিপাতের ফলে শহরের একটি নালা দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ অপর ছাত্রীকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী দলগুলো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারি বৃষ্টির কারণে শহরের প্রধান সড়কগুলো জলমগ্ন হয়ে পড়েছে এবং সিল্ক রোডের মতো গুরুত্বপূর্ণ পথগুলো নদী ও খালে পরিণত হয়েছে। বিলাল টাউন, হাসান টাউন, নিয়াজি কলোনি এবং আইয়ুব রোডের মতো আবাসিক এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া ব্যারন স্ট্রিটে একটি স্কুল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

Advertisement
বিজ্ঞাপন

পার্বত্য ও উঁচু এলাকাগুলোতে ভূমিধসের ফলে অনেক সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে, যার ফলে দুর্গম এলাকাগুলো মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজারা বিভাগের কমিশনার এবং স্থানীয় জেলা প্রশাসন সাধারণ নাগরিকদের অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। নদী ও বৃষ্টির পানির স্রোত থেকে দূরে থাকতে এবং প্রশাসনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%