AdvertisementAdvertisement

বিশ্বকাপে ভ্রমণ জটিলতা নিয়ে ফিফার দ্বারস্থ ইরান ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মাঠের বাইরের উত্তাপ ক্রমশ বাড়ছে। টুর্নামেন্টের আয়োজক দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা ও কড়াকড়ির প্রতিবাদে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, আয়োজকদের এমন কঠোর নিয়ম দলের কোচিং স্টাফের পূর্বপরিকল্পনা ও প্রস্তুতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে লস এঞ্জেলেসে অনুষ্ঠেয় ম্যাচের আগে ইরান চেয়েছিল মেক্সিকোর তিহুয়ানার বেস ক্যাম্প থেকে দুই দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে। স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় খেলোয়াড়দের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এবং শেষ মুহূর্তের অনুশীলনের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছিল তাদের। কিন্তু ফেডারেশনের সব যৌক্তিক আবেদন সত্ত্বেও আয়োজকরা এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া নিজেদের প্রথম ম্যাচের পর থেকেই ইরানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, লস এঞ্জেলেস ও সিয়াটলে আয়োজিত ম্যাচগুলোর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দলকে দেশটি ছাড়তে হবে। এমন কঠোরতায় খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ থাকছে না বলে অভিযোগ ইরান শিবিরের।

Advertisement
বিজ্ঞাপন

হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান দলকে আগেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ম্যাচ শুরুর ঠিক আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের ফিরে যেতে হবে। এই নিয়ম সিয়াটলে মিশরের বিপক্ষে পরবর্তী ম্যাচের ক্ষেত্রেও বলবৎ থাকবে।

উল্লেখ্য যে, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে সৃষ্ট ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেও গ্রুপ ‘জি’-তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে ইরান। তবে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের এই টানাপোড়েন এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

0%
0%
0%
0%