প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত বৈধ ঘোষণা ব্রিটেনের আপিল আদালতের

যুক্তরাজ্যের আপিল আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে ফিলিস্তিনপন্থী সক্রিয়তাবাদী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছে। সোমবার ঘোষিত এই রায়ের মাধ্যমে উচ্চ আদালতের আগের একটি সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লন্ডনের হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছিল, সন্ত্রাসবিরোধী আইন ২০০০-এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তটি বেআইনি এবং অসামঞ্জস্যপূর্ণ ছিল। সরকারের পক্ষ থেকে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে উচ্চতর আদালত সোমবার এই নতুন সিদ্ধান্ত প্রদান করে।
আদালতের এই নতুন রায়ের ফলে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকল। দেশটির সরকারের দাবি, জননিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার খাতিরেই ওই সংগঠনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা জরুরি ছিল।
এদিকে, অধিকারকর্মীরা এই রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ভিন্নমতাবলম্বী ও সক্রিয়তাবাদী সংগঠনের ওপর সন্ত্রাসবাদের তকমা লেপে দেওয়া গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করার একটি অপপ্রয়াস।
তথ্যসূত্র: আল জাজিরা
