AdvertisementAdvertisement

আজাতেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের

ফুটবল বিশ্বের বহু প্রতীক্ষিত মহাযজ্ঞের পর্দা উঠছে আজ। মেক্সিকো সিটির আইকনিক এস্তাদিও আস্তেকায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপে জোহানেসবার্গের উদ্বোধনী ম্যাচে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের একবার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আট হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিরল রেকর্ড গড়তে যাচ্ছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের এই আসরটি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই টুর্নামেন্টে ৪৮টি দেশ অংশগ্রহণ করছে। ৩৯ দিনব্যাপী দীর্ঘ এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুশ বাড়াতে হাজির থাকছেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, জে বালভিন এবং টাইলা। মূল ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে এই বর্ণিল আয়োজনে মেতে উঠবে ফুটবল দুনিয়া।

Advertisement
বিজ্ঞাপন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা মেক্সিকো ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে। কোচ হাভিয়ের আগিররের শিষ্যরা শেষ আট ম্যাচে অপরাজিত থেকে দারুণ আত্মবিশ্বাসের সাথে মাঠে নামছে। অন্যদিকে, ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা দক্ষিণ আফ্রিকা ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬০তম স্থানে থাকলেও তাদের কোচ হুগো ব্রুস কোনো ছাড় দিতে নারাজ। দলের প্রস্তুতিতে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিলেও মাঠের লড়াইয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে মরিয়া বাফানা বাফানারা।

Advertisement
বিজ্ঞাপন

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া। ৪৮ দলের এই ফরম্যাটে প্রথমবারের মতো রাউন্ড অফ ৩২ চালু করা হয়েছে, যেখানে ১২টি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নেবে। আন্তর্জাতিক পরিসরে এর আগে মুখোমুখি হওয়া চারবারের লড়াইয়ে মেক্সিকো জিতেছে দুইবার, দক্ষিণ আফ্রিকা একবার এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

মেক্সিকোর সম্ভাব্য একাদশে থাকছেন রাউল রেঙ্গেল, হেসুস গায়ার্দো, জোহান ভাসকেস, সিজার মন্তেস, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গুতিয়েরেজ, এরিক লিরা, আলভারো ফিদালগো, হুলিয়ান কুইনোনেস, রবার্তো আলভারাডো ও রাউল হিমেনেজ। দক্ষিণ আফ্রিকার রক্ষণ সামলাবেন রনওয়েন উইলিয়ামস, খুলিসো মুদাউ, ইমে ওকোন, মবেকেজেলি মবোকাজি, অব্রে মোদিবা। মাঝমাঠে থাকছেন তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোলে, থালেন্তে এমবাথা এবং আক্রমণভাগে দেখা যেতে পারে শেপাং মোরেমি, লাইল ফস্টার ও ওসউইন অ্যাপোলিসকে। স্বাগতিক দর্শকদের প্রত্যাশার চাপ সামলে মেক্সিকো জয় দিয়ে মিশন শুরু করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

0%
0%
0%
0%