AdvertisementAdvertisement

উত্তর কোরিয়ার নারী ফুটবল দল খেলতে আসছে দক্ষিণে: বিরল এক ঐতিহাসিক মুহূর্ত

নারী এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী ২০ মে দক্ষিণ কোরিয়ার সুওন এফসি’র মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি। ২০০৮ সালের পর এই প্রথম কোনো উত্তর কোরিয়ার ক্রীড়া দল দক্ষিণ কোরিয়ায় খেলতে নামবে বলে জানা গেছে।

দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ না হওয়ায় এবং কেবল একটি যুদ্ধবিরতি চুক্তি থাকায় দেশ দুটির মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক আদান-প্রদান অত্যন্ত বিরল। এমতাবস্থায়, এই ম্যাচটি দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা।

Advertisement
বিজ্ঞাপন

সুওন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ২৩ মে এশিয়ার শীর্ষ এই নারী ক্লাব প্রতিযোগিতার ফাইনালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি অথবা জাপানের টোকিও ভার্ডি বেলেজার মুখোমুখি হবে।

উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে ২৭ জন খেলোয়াড় এবং ১২ জন ক্লাব কর্মকর্তা থাকবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দলটি আগামী ১৭ মে বেইজিং থেকে এয়ার চায়না’র একটি ফ্লাইটে ইনচিওন বিমানবন্দরে পৌঁছাবে।

Advertisement
বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেমিফাইনালের পরাজিত দল আগামী ২১ মে বৃহস্পতিবার দেশে ফিরবে। তৃতীয় স্থান নির্ধারণী কোনো প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে না।

এর আগে ২০১৮ সালে উত্তর কোরিয়ার শুটিং, যুব ফুটবল এবং টেবিল টেনিস দলগুলো দক্ষিণ কোরিয়ায় খেলতে এসেছিল। তবে, উত্তর কোরিয়ার নারী ফুটবল দল শেষবার দক্ষিণ কোরিয়ায় এসেছিল ২০১৪ সালে, যখন তারা ইনচিওনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিয়েছিল।

২০১২ সালে প্রতিষ্ঠিত এবং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ অবস্থিত নেগোহ্যাং এফসি’র দলে জাতীয় দলের মানের খেলোয়াড়রা রয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার নারী জাতীয় ফুটবল দল এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে যুব পর্যায়ে, তারা একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছে। গত বছর নভেম্বরে তারা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল।

0%
0%
0%
0%