রাঙ্গামাটিতে কর্মরত এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে শহরের তবলছড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম মোঃ সাজেদুল হক (৩৫)। তিনি রাঙ্গামাটি শহর কোতোয়ালি থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিরস্ত্র হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার হনুমনেরচর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে তবলছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অম্বরিশ মিত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে মৃত্যুর পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।