অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

২৪শে জুন বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি একসঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তারা কি গুম ও হত্যার শিকার মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবে? যদি না পারে, তাহলে এ দেশের জনগণ তাদের রাজনীতি করতে দেবে না।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না।

বক্তারা বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং যেসব রাজনৈতিক শক্তি বিদেশে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য তারা সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাদাত মো. সায়েম।

সঞ্চালকের বক্তব্যে মো. সায়েম বলেন, “ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”

সভাপতির সমাপনী বক্তব্যে নুরুন নবী বলেন,
ফ্যাসিবাদী শক্তিকে ২০২৪ সালে জনগণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখনও বিভিন্ন অপশক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাঙ্গামাটি জেলা যুবদল সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল মামুন, শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোস্তফা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

০%
০%
০%
০%