মোনাকোতে শক্তিশালী বিস্ফোরণ ইউক্রেনীয় ধনকুবেরসহ আহত ৩, হামলাকারীর খোঁজে অভিযান

মোনাকোর কেন্দ্রস্থলে এক অভিজাত বহুতল ভবনের প্রবেশপথে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ঘটা এই ঘটনায় ইউক্রেনীয় বংশোদ্ভূত ধনকুবের ভাদিম ইয়েরমোলায়েভসহ তাঁর পরিবারের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন হামলাকারীকে ধরতে মোনাকো ও ফ্রান্সের নিরাপত্তা বাহিনী যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

ফ্রান্সের লা ফিগারো পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা জুতো এবং টুপি পরিহিত এক ব্যক্তিকে ভবনের সামনে একটি ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। মোনাকোর পাবলিক প্রসিকিউটর স্তেফান থিবো জানিয়েছেন, হামলাকারী একাই এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরকটিতে বোল্ট ও ছররা গুলি ব্যবহার করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বড় ধরনের ক্ষতির লক্ষ্যে রাখা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আহতদের মধ্যে তিনজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে ইয়েরমোলায়েভের সঙ্গিনীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, মোনাকোর রাষ্ট্রীয় মন্ত্রী ক্রিস্টোফ মিরমান্ড একে প্রিন্সিপ্যালিটির ইতিহাসে নজিরবিহীন 'বর্বরোচিত অপরাধ' হিসেবে অভিহিত করেছেন। মোনাকোর প্রিন্স আলবার্টের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তদন্তকারীদের একটি অংশ মনে করছে, ইয়েরমোলায়েভের ওপর এই হামলা কোনো রাজনৈতিক সঙ্কেত বা সতর্কবার্তা হতে পারে। রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্কের দায়ে ২০২৩ সালে কিয়েভ সরকার তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষক ও গোয়েন্দা সূত্রের একাংশ ভিন্ন মত পোষণ করে বলছেন, ইয়েরমোলায়েভের ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতারণামূলক কল সেন্টারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত কোনো বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মোনাকো ও ফ্রান্সের সীমান্ত উন্মুক্ত হওয়ায় হামলাকারী খুব সহজেই পালিয়ে পাশের ফরাসি শহর বোসোলেই-এর দিকে চলে গেছে বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে ইতালির সীমান্তের দিকে যাওয়ার ১২ কিলোমিটার পথের প্রতিটি সম্ভাব্য স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোনাকোর প্রসিকিউটর থিবো আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রযুক্তি ও আধুনিক গোয়েন্দা তথ্যের সহায়তায় খুব দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

০%
০%
০%
০%