সাতক্ষীরায় জুলাই বিপ্লবের সম্মানি প্রদান অনুষ্ঠান মঞ্চে রাজনৈতিক নেতাদের অবজ্ঞার অভিযোগ ও ক্ষোভ

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মানি প্রদান অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মঞ্চে ডাকা না হওয়াকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা ও সম্মানি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের উপেক্ষা করায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের শেষ পর্যায়ে জুলাই বিপ্লবে শহীদ আটজন ও আহত ৮৭ জনসহ মোট ৯৫ জন যোদ্ধার পরিবারের হাতে সম্মানি তুলে দেওয়ার সময় সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম মঞ্চে অবস্থান করেন। তবে ওই সময় আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের কাউকেই মঞ্চে আহ্বান না করায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ জানান, জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলও মঞ্চে নেতাদের ডাকা না হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অন্যদিকে, রাজনৈতিক নেতাদের অনুষ্ঠান ত্যাগের অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক কায়সার আজিজ। তিনি দাবি করেন, আমন্ত্রিত কোনো নেতা অনুষ্ঠান ছেড়ে যাননি এবং সবাই শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। তবে এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।
