জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন আইনি ও নৈতিক দায়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেছেন, দেশের নির্বাচনী প্রক্রিয়ায় জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পর তৈরি ও সবার সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল। এটি জুলাই গণ–অভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। তাই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন অপরিহার্য।”
গতকাল রোববার রাতে ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া, ফলাফলের তালিকায় কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর বস্তুনিষ্ঠ তদন্ত করে প্রকৃত চিত্র বের করতে হবে। কোথাও অনিয়ম প্রমাণিত হলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অনেকে।
