পাবনার সুজানগর উপজেলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অভিযোগে রবিন (১৭) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সে রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের গাজী বিশ্বাসের ছেলে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীকে পুলিশি আটকের ঘটনায় স্থানীয় সুশীল সমাজের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদ্যাপন করে রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার দুপুরের দিকে দলবল নিয়ে সরাসরি বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন এবং রবিনকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা চালান।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষপে করেন এবং বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের শান্ত করে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করার অনুরোধ জানান। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, অভিযুক্ত শিক্ষার্থী নিজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের ছবি ও তথ্য ফেসবুকে প্রচার করেছিল। তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।