সারাদেশের অপরাধ চিত্র পর্যালোচনা ও সার্বিক জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের উপস্থিতিতে এক ভার্চুয়াল অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারা দেশের সবকটি ইউনিটের প্রধানদের পাশাপাশি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে যুক্ত হন।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন। সভায় সার্বিক সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। সভায় বিদায়ী অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান, সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উদ্ধার কার্যক্রমের চিত্র বিস্তারিত তুলে ধরা হয়।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষ থেকে এই ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জেলাভিত্তিক অপরাধ দমন, বিচারাধীন মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে জনবান্ধব সেবা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি পুলিশ ইউনিটকে কঠোর ও বস্তুনিষ্ঠ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।