ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম রাশিদুল হাসান। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
রাশিদুল হাসান সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের বাসিন্দা। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন তিনি।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর রাতেই রাশিদুল হাসানকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
ওসি আরও বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পূর্বে পুলিশের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।