বিজ্ঞাপন
ভারত সীমান্তঘেঁষা রাজশাহী অঞ্চলে অবৈধ অস্ত্রের আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। পদ্মার চর, পরিত্যক্ত মোটরসাইকেল, যাত্রীবাহী বাস আর ব্যক্তিগত গাড়ি থেকে একের পর এক মিলছে বিদেশি পিস্তল, রিভলভার, ম্যাগাজিন ও গুলি।
গত এক সপ্তাহেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি আলাদা অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। এ ঘটনায় পরিস্থিতির গুরুত্ব আরও বেড়েছে।
বিভিন্ন অভিযানের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরে এসব অস্ত্র দেশের বিভিন্ন জেলায় পাঠানোর চেষ্টা চলছে। উদ্ধার হওয়া চালানের সম্ভাব্য গন্তব্য হিসেবে খুলনা ও কুষ্টিয়ার নাম এসেছে।
সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার পাশাপাশি দেশের ভেতরে অস্ত্র সরবরাহের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকার আশঙ্কা তৈরি হয়েছে। গত ছয় মাসে পুলিশ, বিজিবি ও র্যাবের অভিযানে রাজশাহী অঞ্চলে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে র্যাব ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার, জেলা পুলিশ ছয়টি বিদেশি পিস্তল এবং বিজিবি পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদও উদ্ধার হয়েছে।
সীমান্ত থেকে শহর, অস্ত্র পরিবহনে নতুন কৌশল
অস্ত্র উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলোতে পরিবহনের নানা মাধ্যম ব্যবহারের তথ্য সামনে এসেছে। কখনো যাত্রীবাহী বাস, কখনো ব্যক্তিগত গাড়ি, আবার কখনো নির্জন চরাঞ্চল ও পরিত্যক্ত যানবাহনে লুকিয়ে রাখা হচ্ছে অস্ত্র। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের দূরবর্তী জেলায় এসব অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইল চেকপোস্টে তল্লাশির সময় দুটি পিস্তল ও গুলিসহ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকিকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তল দুটি স্টেইনলেস স্টিলের তৈরি সেমি-অটোমেটিক অস্ত্র। এগুলোর গায়ে ‘ইউএসএ’ লেখা ছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে সেখানে কার কাছে হস্তান্তর করতে হবে, সে বিষয়ে তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা বা ব্যক্তির নাম জানানো হয়নি। খুলনায় পৌঁছানোর পর পরবর্তী নির্দেশনা দেওয়ার কথা ছিল।
রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন,
অস্ত্র বহনকারীদের গন্তব্যে পৌঁছানোর পর যোগাযোগের নির্দেশনা দেওয়া ছিল। অস্ত্র দুটি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এর আগে গত ১৬ নভেম্বর সিটি হাট বাইপাসে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে র্যাব। পরে ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি।
বছরের শুরু থেকেই রাজশাহী অঞ্চলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। গত ৬ ফেব্রুয়ারি বাঘা উপজেলার সীমান্তবর্তী রাউথা চর এলাকায় একটি পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
বিজ্ঞাপন
গত ১৯ জানুয়ারি ভারতীয় সীমান্তসংলগ্ন পদ্মার চর থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ছিল দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি। একই বছরের ১৩ জানুয়ারি মহানগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
ছয় মাসে ২৮ অস্ত্র উদ্ধার, প্রশ্নের মুখে উৎস
রাজশাহী অঞ্চলে অস্ত্র উদ্ধারের ঘটনাগুলো বিশ্লেষণ করলে সীমান্তবর্তী বাঘা, চারঘাট ও গোদাগাড়ী উপজেলায় এর প্রবণতা বেশি দেখা যায়। পাশাপাশি মহানগরীর বিভিন্ন স্থানেও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।
গত মার্চে চারঘাটের রাওথা বালুঘাট এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। একই মাসে মহানগরীর দক্ষিণ নওদাপাড়া থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৫।
গত মে মাসে নগরীর অদূরে পদ্মার তীরবর্তী নবগঙ্গা আইবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। ২ জুন গোদাগাড়ীর রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সে সময় মহানগর পুলিশ জানিয়েছিল, অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে উদ্ধার হওয়া ১৭টি অস্ত্রের মধ্যে নয়টি পিস্তলের গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি বলে উল্লেখ রয়েছে। তবে অস্ত্রগুলোর প্রকৃত উৎপাদনকারী দেশ নিয়ে নিশ্চিত নয় সংশ্লিষ্ট সংস্থাগুলো।
র্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন,
‘মেড ইন ইউএসএ’ লেখা থাকলেই অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি, এমনটি নিশ্চিত করে বলা যায় না। প্রতিবেশী দেশ থেকেও এ ধরনের অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষা হলে অস্ত্রগুলোর ব্যবহার ও অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, অস্ত্রের উৎস বা উৎপাদনকারী দেশ যেটিই হোক, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ করাই তাঁদের লক্ষ্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনাগুলোতে কয়েকটি অভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য জেলায় পাঠানোর চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুট অপরাধী চক্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিমানবন্দরের ফটকে গ্রেনেড, দুই সপ্তাহেও অধরা জড়িতরা
অস্ত্র উদ্ধারের ধারাবাহিক ঘটনার মধ্যে গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেড দুটি পুলিশ ও র্যাবের যৌথ উদ্যোগে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মামলা হলেও দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গ্রেনেড দুটি ফ্র্যাগমেন্টেশন ধরনের। বিস্ফোরণের সময় এগুলো থেকে চারদিকে ধাতব টুকরা ছড়িয়ে পড়ে, যা প্রাণঘাতী হতে পারে। গ্রেনেড দুটিতে চীনা ফিউজ লাগানো ছিল। তদন্তকারীদের ধারণা, এগুলো মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ব্যাচসংক্রান্ত তথ্য মুছে যাওয়ায় প্রকৃত উৎস নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে গণমাধ্যমকে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হচ্ছে না।
র্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক জানান, এ ধরনের গ্রেনেড তাঁরা এর আগে দেখেননি। তবে সম্প্রতি কক্সবাজারেও একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে। প্রতিবেশী একটি দেশে ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে উদ্ধার হওয়া গ্রেনেডের বেশ মিল রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনাই তাঁদের প্রধান লক্ষ্য।
নজরদারি বাড়লেও অজানা সরবরাহকারী চক্র
সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশ, রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার এবং দেশের বিভিন্ন জেলায় অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে অস্ত্র বহনকারীদের কাছে গন্তব্যের চূড়ান্ত ঠিকানা বা প্রাপকের পরিচয় না থাকার তথ্য সরবরাহ ব্যবস্থার পেছনে একটি সংগঠিত যোগাযোগ নেটওয়ার্ক থাকার ইঙ্গিত দিচ্ছে।
রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ কাজ করছে। সীমান্তবর্তী এলাকা ও আশপাশে নজরদারি রাখা হয়েছে। অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজীউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। সীমান্তবর্তী পদ্মার তীরবর্তী এলাকা থেকেও অস্ত্র পাওয়া যাচ্ছে। এসব অস্ত্র কোথা থেকে আসছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।
এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে অস্ত্র চোরাচালান নিয়ে সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।