তিনি বলেন, বিগত কয়েকদিন ধরে হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে এবং রং করে নকল হানিফ পরিবহনের একটি বাসে করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মশাল মিছিল, বাসে অগ্নিসংযোগ এবং ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যান। জানতে পেরে আমরা বাসটির বিষয়ে খোঁজখবর নিচ্ছিলাম।
শুক্রবার রাত ৯টার দিকে খবর আসে, বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রাস্তার ওপর চলন্ত অবস্থায় রেখে নাশকতাকারীরা একটি বাসে অগ্নিসংযোগ করতে গেছেন। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা বাসে আগুন দিতে পারেননি। তখন তারা ব্যানার-ফেস্টুন ও মশালসহ বাস নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।
ওসি আরও বলেন, বাসটিকে ধরার জন্য পুলিশ ধাওয়া করে এবং একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। বাসটি আটকের জন্য বলিয়াপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। এরই মধ্যে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় তাদের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।