শরীয়তপুরে ১৩ বছরের গৃহকর্মীকে ধর্ষণ ও আলামত নষ্ট করতে জোরপূর্বক বিয়ের অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। আলামত নষ্ট করতে জোরপূর্বক অন্য যুবকের সঙ্গে তার বিয়ের দেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

শরীয়তপুর সদর উপজেলার দড়িচর দাতপুর গ্রামে চরম দারিদ্র্যের সুযোগ নিয়ে ১৩ বছরের এক কিশোরী গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই নারকীয়  নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে এবং অপরাধের আলামত সম্পূর্ণ নষ্ট করার উদ্দেশ্যে অভিযুক্তের পরিবার এক অভিনব কৌশল নেয়। তারা ওই কিশোরীকে অন্য এক যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়ে অবরুদ্ধ করে সংসার করতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণ আড়াল করতে জোরপূর্বক বিয়ে

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চরম আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই পড়াশোনা বন্ধ হয়ে যায় কিশোরীর। পরিবারের অভাব ঘোচাতে জীবিকার তাগিদে সে একই গ্রামের রিয়াজুল মুন্সি (১৮)-এর বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ের বদলে কর্মস্থলেই তাকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়।

কিশোরীর বাবার দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, বাড়িতে কাজ করার সুযোগে রিয়াজুল গত এক থেকে দেড় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একই এলাকার দাদির বাড়িতে একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিষয়টি অভিযুক্তের স্বজনদের জানানো হলেও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নেয়নি। উল্টো ঘটনাটি আড়াল করতে মরিয়া হয়ে ওঠে তারা। একপর্যায়ে একই এলাকার এরশাদ মল্লিকের ছেলে রাব্বি মল্লিকের সঙ্গে কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। ধর্ষণের অপরাধের আলামত নষ্ট করতেই এই তড়িঘড়ি বিয়ের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেন কিশোরীর বাবা।

বিয়ের পর রাব্বি মল্লিক কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে সংসার করতে বাধ্য করেন। প্রায় দেড় মাস এভাবে বন্দি থাকার পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতনের পুরো বিষয়টি সামনে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্তরা আত্মগোপনে, পুলিশের বক্তব্য

হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন কিশোরী জানায়, ওই বাড়িতে কাজ করার সময় তার সঙ্গে বর্বরোচিত আচরণ করা হয়েছে। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানালেও তারা কোনো বিচার করেনি। বরং অভিযুক্তের এক বন্ধুর সঙ্গে তার বিয়ে দিয়ে জোরপূর্বক আটকে রাখে।

কান্নাজড়িত কণ্ঠে কিশোরীর মা বলেন, আমরা গরিব মানুষ, টাকাপয়সা নেই। কীভাবে কী করব, জানি না। অভাবের তাড়নায় মেয়েকে অন্যের বাড়িতে কাজে দিয়েছিলাম। এখন ওরা আমার মেয়ের সর্বনাশ করে দিল। মেয়ের চিকিৎসা করানোর মতো টাকাটুকুও আমার কাছে নেই।

লিখিত অভিযোগে রিয়াজুল মুন্সি, রাব্বি মল্লিক ও এরশাদ মল্লিককে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া রিয়াজুলের পরিবারের সদস্যসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে রিয়াজুল মুন্সি ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অভিযোগ পাওয়ার পর আংগারিয়া পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জাকারিয়া রহমান বলেন, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

০%
০%
০%
০%