জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে ভোরে দলটির কয়েক শ নেতাকর্মী ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা আগের রাত থেকেই সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বর এলাকায় ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ, একটি খাবার হোটেল এবং আশপাশের স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে অবরোধকারীরা সরে গেলে সকাল ৯টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

০%
০%
০%
০%