নেত্রকোনার মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। একই মূল্যায়নে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইউএনও ফয়সাল আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইউএনও সুমন চৌধুরী।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ফলাফল নির্ধারিত হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষ ব্যবস্থাপনার ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার এই পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
এই সাফল্যের বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, এই অর্জন সম্পূর্ণভাবে একটি দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই স্বীকৃতি তাদের ওপর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও যোগ করেন, একজন নাগরিকের জন্য জন্ম সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার ওপর বহু সরকারি সেবা নির্ভর করে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনও সমানভাবে জরুরি। তাদের উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ একযোগে যৌথভাবে কাজ করেছেন বলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।