নবীগঞ্জে বেহাল সড়ক সংস্কার ও অনিয়মের তদন্তে এলাকাবাসীর মানববন্ধন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ এবং কাজীগঞ্জ বাজার-কাদিরগঞ্জ সড়কের বেহাল দশা নিরসনে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কাজীগঞ্জ বাজারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় যাত্রী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা অংশগ্রহণ করে তাদের চরম ভোগান্তির কথা তুলে ধরেন। সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে সড়ক দুটির সংস্কার কাজ না হওয়ায় সাধারণ পথচারী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযোগ করেন, সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ লাঘবে সড়ক দুটি দ্রুত মেরামতের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার, সাংবাদিক নিয়ামুল করিম অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ২০২৫-২০২৬ অর্থবছরে সংস্কারের নামে বরাদ্দকৃত ৩২ লাখ টাকার যথাযথ ব্যবহার হয়নি এবং এতে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন। সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
