রাউজানে মিলাদুন্নবীর দাওয়াত খেয়ে চাঁদা দাবি ও নারীদের ওপর হামলা ৪ জন আহত

চট্টগ্রামের রাউজান উপজেলার জানিপাথর এলাকার পাঁচপুকুরিয়া গ্রামে ঈদে মিলাদুন্নবীর দাওয়াত খেয়ে ফেরার পথে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং আয়োজকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে সংঘটিত এই সহিংসতায় চার নারী আহত হয়েছেন এবং ভুক্তভোগীদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল বখাটে যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোহাম্মদ মফিজুর রহমান বাড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন যুবককে দাওয়াত করেছিলেন। খাওয়া-দাওয়া শেষে মো. রুবেল, বুরু ছালাম, মো. ইকবাল, চালিয়ে ও মো. ফারুকসহ অজ্ঞাতনামা ২০-২২ জনের একটি দল মফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত রুবেল মুঠোফোনে পুনরায় চাঁদা দাবি করে হুমকি প্রদান করে এবং কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে হামলা চালায়। এ সময় তারা মারধর ও শ্লীলতাহানির মাধ্যমে সাদিয়া আকতার, মরিয়ম বেগম, মনি আকতার ও মাহি আকতারকে গুরুতর আহত করে। হামলার সময় নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ মফিজুর রহমান বাদী হয়ে রাউজান থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রুবেল ঘটনার সত্যতা অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি দাওয়াত খেয়ে ফিরে আসার পর আর কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
