Advertisement

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন আহমদ উপনেতা হওয়ার জল্পনা

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার পর সৃষ্ট শূন্যতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসানো হয়েছে। গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে এই নতুন আসনবিন্যাস সম্পন্ন হয়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে যে, সালাহউদ্দিন আহমদকে কি ভবিষ্যতে সংসদ উপনেতার গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে কি না।

বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক সংস্কৃতিতে প্রধানমন্ত্রীর পাশের আসনটি কেবল বসার স্থান নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এতদিন এই আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একই সঙ্গে মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পর তার শূন্য আসনে সালাহউদ্দিন আহমদের এই নতুন বিন্যাস পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে।

বিজ্ঞাপন

আসন পুনর্বিন্যাসের পর প্রধানমন্ত্রীর পাশে সালাহউদ্দিন আহমদ এবং তার পরের আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখা যাচ্ছে। এরপরের সারিতে রয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় তাকে সংসদীয় কার্যক্রমেও বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।

যদিও এখন পর্যন্ত সংসদ উপনেতার পদটি খালি রয়েছে এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংসদ সচিবালয়ের ওয়েবসাইটেও উপনেতার নাম নেই। বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, হাইকমান্ড কৌশলগত কারণে এই পদটি এখনো ফাঁকা রেখেছে। ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এই পদের জন্য আলোচনায় রয়েছেন।

বিজ্ঞাপন

তবে সালাহউদ্দিন আহমদের সংসদীয় পারফরম্যান্স নিয়ে সরকারি দল এবং দলের ভেতরে বেশ ইতিবাচক ধারণা রয়েছে। আইনগত জটিলতা নিরসন এবং সংসদে সরকারের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার ক্ষেত্রে তার দক্ষতা সংসদ নেতা তারেক রহমানের আস্থা অর্জন করেছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, উপনেতা নিয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ারভুক্ত। তবে সালাহউদ্দিন আহমদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে দলের ভেতরকার জল্পনা আপাতত থামছে না।

সম্পর্কিত- সংসদ উপনেতা
0%
0%
0%
0%