পটিয়ায় পুলিশ পরিচয়ে প্রবাসীদের বাড়িতে ডাকাতি, লুটের পর সিসিটিভি হার্ডডিস্ক নিয়ে চম্পট

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব আজিমপুর গ্রামে গভীর রাতে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী প্রবাসী নুরুল ইসলাম রুবেল জানান, ডাকাত দল শুরুতে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার নির্দেশ দেয়। ভেতরে প্রবেশের পরপরই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। তাদের বাধা দিতে গেলে মারধরের শিকার হন তিনি। ডাকাতদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল বলে জানান তিনি।
লুটপাটের পাশাপাশি ডাকাত দল বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কটিও খুলে নিয়ে যায়, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
