কুড়িগ্রামে পাচারের সময় ২০ বস্তা সারসহ ব্যবসায়ী গ্রেপ্তার মামলা দায়ের

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার পাচারের সময় স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়েছেন আজিমুল ইসলাম নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ী। ঘটনার সময় তার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২০ বস্তা সার জব্দ করা হয়েছে। বর্তমানে তীব্র সার সংকটের মধ্যে এই অপতৎপরতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধভাবে সার পরিবহনের বিষয়টি সামনে আসে। কৃষকদের মাঝে সার বিতরণ শেষে ফেরার পথে কর্মকর্তারা বালারহাট বাজারে সারবোঝাই একটি ভ্যানগাড়ি দেখতে পান। জিজ্ঞাসাবাদে আজিমুল ইসলাম সারগুলো নিজের বলে দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র বা কৃষকদের অনুকূলে ইস্যু করা স্লিপ প্রদর্শন করতে ব্যর্থ হন। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ভ্যানগাড়িটি আটকে ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আজিমুল ইসলামকে আটক করে এবং জব্দকৃত সারসহ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার ডিলার সৈকত ট্রেডার্সের প্রতিনিধি ও আজিমুল ইসলামসহ তিনজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আজিমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
