নাটোরের আলোচিত প্রাক্তন স্ত্রী হত্যা মামলায় সাবেক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রাজু প্রামাণিক নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজু ওই মহল্লার সুজন প্রামাণিকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, রায়ে আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, ভুক্তভোগী মিম খাতুনের সঙ্গে পাঁচ বছর আগে পারিবারিকভাবে রাজুর বিয়ে হয় এবং তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পাঁচ বছর পর রাজু তার স্ত্রীকে তালাক দেন। পরবর্তীতে রাজু অন্যত্র বিয়ে করেছেন—এমন খবর পেয়ে মিমের পরিবার তাকে অন্য পাত্রের সঙ্গে বিয়ের উদ্যোগ নিলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনার দিন ২০২২ সালের ২৯ জানুয়ারি সকালে রাজু ধারালো অস্ত্র নিয়ে মিমের ওপর অতর্কিতে হামলা চালান। তাকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মনীষা খাতুনকেও কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা আহতদের দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিম খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন নিহতের মা চামেলী বেগম বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
