গণপতি চক্রবর্তী হত্যা মামলা দুই আসামির জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ ডোপ টেস্টের প্রতিবেদন নেতিবাচক

রংপুর মেট্রোপলিটন এলাকায় সংঘটিত গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যদের চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে অনুমতি প্রদান করেছেন আদালত। রংপুর মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল আদালতে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী হোসেন আসামিদের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে কারাফটকে জিজ্ঞাসাবাদের এ নির্দেশ দেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে এবং সেখানে কোনো ধরনের মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগে গত রোববার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মেডিকেল টিমের সমন্বয়ে কেন্দ্রীয় কারাগার থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
ঘটনার ১০ দিন পর নমুনা সংগ্রহ করায় মাদকের উপস্থিতি শনাক্ত করা কঠিন হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে আসামিরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইয়াবা সেবনের কথা স্বীকার করেছিল। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
