Advertisement

বাঁশখালীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মো. জাকারিয়া। সোমবার দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও দারোগাবাজার টাওয়ার রোডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দুর্গতদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি জানান, বন্যাকবলিত মানুষের পাশে সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (বিইএটিএস)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি মহাপরিচালক বাঁশখালী উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পগুলো স্বচ্ছতা ও যথাযথ নিয়ম মেনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে তিনি স্থানীয় জনসাধারণের কল্যাণে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সফরে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%