Advertisement

উল্লাপাড়ায় শিশু ছাইম হত্যায় দুইজনের যাবজ্জীবন ও এক নারীর কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ছাইম হোসেনকে অপহরণের পর হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন এবং সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া একই মামলায় লাইলী খাতুন নামের অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার সরকারি কৌঁসুলি গোলাম সরোয়ার শফিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে খেলার সময় শিশু ছাইম নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয়। ঘটনার দুই দিন পর ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

পরে নিহতের দাদা আলীম উদ্দিন বাদী হয়ে ছয়জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%