টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল রাজউক ও পুলিশ

গাজীপুরের টঙ্গীবাজার এলাকার হাজীর মাজার বস্তিতে দীর্ঘদিনের গড়ে ওঠা অবৈধ মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা যৌথ এই অভিযানে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানাগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
রাজউকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রাজউকের উপপরিচালক আসাদুজ্জামান বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বস্তির বিভিন্ন স্থানে অবৈধ আস্তানা তৈরি করে অবাধে মাদক কেনাবেচা ও সেবন চলত। প্রতিদিন শত শত তরুণ ও যুবক সেখানে ভিড় করায় এলাকাটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। এর আগে বেশ কয়েকবার অভিযান চালানো হলেও মাদক কারবারিরা ফের সক্রিয় হয়ে ওঠে, যার ফলে এবার আস্তানাগুলো স্থায়ীভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, হাজীর মাজার বস্তিকে কেন্দ্র করে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে এবং রাজধানীসহ আশপাশের এলাকার অপরাধীরা অপরাধ করে এখানে এসে গা ঢাকা দেয়। অতীতে প্রায় ১০ বার অভিযান চালিয়েও মাদক নির্মূল করা সম্ভব হয়নি, তাই এবার চিহ্নিত স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে মাদকের মূল উৎস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
