পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী বাস উল্টে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সেতুর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা থেকে ঢাকাগামী বাসটি সেতুর ঢাল দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে রয়েছেন মাগুরা সদরের সাইফুল্লাহ ও লুৎফর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন, দামুড়হুদার নূর ইসলাম ও রশিদা, মাগুরার মোহাম্মদপুরের সাত বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত। দুর্ঘটনার পর বাসটি সড়কের একাংশ জুড়ে উল্টে পড়ে থাকায় ওই রুটে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সময় সেটির গতি কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালককে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
