হৃদযন্ত্রের অস্ত্রোপচারে মাঠের বাইরে নাপোলির তারকা স্কট ম্যাকটমিনে

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলিতে পাড়ি জমানো স্কটল্যান্ড তারকা স্কট ম্যাকটোমিনে হৃদযন্ত্রের জটিলতায় পড়েছেন। অনিয়মিত হৃদস্পন্দনের চিকিৎসার জন্য এই মিডফিল্ডারকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে বলে নিশ্চিত করেছে সেরি আ ক্লাব নাপোলি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই তার হৃদযন্ত্রে পালসড ফিল্ড অ্যাবলেশন পদ্ধতি প্রয়োগ করা হবে। এটি একটি ন্যূনতম ইনভেসিভ চিকিৎসা প্রক্রিয়া, যা মূলত হৃদস্পন্দনের অস্বাভাবিকতা দূর করতে ব্যবহৃত হয়।
অস্ত্রোপচার ও পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ২৯ বছর বয়সী এই তারকা। মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত তাকে আর প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে না। ফলে অক্টোবরের আগে আর কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। গত রবিবার কোমোর বিপক্ষে নাপোলির ২-১ ব্যবধানে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার পরই তার এই শারীরিক অবস্থার বিষয়টি সামনে আসে।
ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসা ম্যাকটোমিনে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ওল্ড ট্রাফোর্ডে নিজের ক্যারিয়ারের ভিত্তি গড়েছিলেন। প্রিমিয়ার লিগের দলটিতে সাত মৌসুম অতিবাহিত করার পর ২০২৪ সালে তিনি নাপোলিতে যোগ দেন। স্কটল্যান্ডের জার্সিতে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫টি গোল করা এই ফুটবলার চলতি বছরে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কটল্যান্ড দলের হয়ে মাঠে নেমেছিলেন।
গত বছর নাপোলির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি সেরি আ’র বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) খেতাব অর্জন করেছিলেন। এছাড়া গত ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে থাকা অন্যতম দাবিদারদের তালিকাতেও ছিল তার নাম। এই মিডফিল্ডারের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা ফুটবল বিশ্ব।
