Advertisement

অপমানিত হয়ে গ্যাবনের জার্সি তুলে রাখলেন অবামেয়াং

গ্যাবন জাতীয় ফুটবল দলের অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) পরবর্তী সময়ে দল থেকে বাদ পড়া এবং পরবর্তীতে পুনরায় দলে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়াটি তাকে চরমভাবে অপমানিত করেছে বলে মন্তব্য করেছেন এই তারকা স্ট্রাইকার। গ্যাবনের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অবামেয়াংয়ের মতে, টুর্নামেন্টে দলের ব্যর্থতার দায়ভার এককভাবে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা মেনে নেওয়া কঠিন।

সাতত্রিশ বছর বয়সী এই ফুটবলার এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ইনজুরি থাকা সত্ত্বেও তিনি আফকনে দেশের হয়ে খেলেছেন। অথচ সেই অবদানের তোয়াক্কা না করে তাকে অপমান করা হয়েছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। মরক্কোর মাটিতে অনুষ্ঠিত আসরে গ্যাবনের বিপর্যয়ের পর আইভরিকোস্টের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গ্যাবন। এই ব্যর্থতার পর দেশটির প্রেসিডেন্ট ব্রিস ওলিগুই এনগুয়েমা দলের কোচিং স্টাফদের বরখাস্ত করেন এবং অবামেয়াং ও ৩৮ বছর বয়সী ব্রুনো ইকুলে মাঙ্গাকে দল থেকে সাময়িক বরখাস্ত করে নিষিদ্ধ করেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের মতে, এই ব্যর্থতা দেশের জাতীয় পরিচয়ে এক প্রকার আঘাত। তবে অভিজ্ঞ এই দুই ফুটবলারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্যাবনের ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। ডর্টমুন্ড ও আর্সেনালের হয়ে ইউরোপ মাতানো অবামেয়াং মনে করেন, দলের সমস্যার মূল শিকড় অনেক গভীরে, যা কেবল একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ব্যর্থতায় সীমাবদ্ধ নয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটিই ছিল তার ধৈর্য্যের শেষ সীমা।

বিজ্ঞাপন

জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় অবামেয়াং। মার্সেই ছেড়ে তিনি যোগ দিয়েছেন লা লিগায় ফিরে আসা দেপোর্তিভো লা করুনায়। এদিকে, গ্যাবনের নতুন কোচ সেবাস্টিয়েন মিগনেকে এখন অবামেয়াংকে ছাড়াই পরবর্তী পরিকল্পনায় মনোযোগ দিতে হচ্ছে। আগামী বছর অনুষ্ঠিতব্য আফকনের বাছাইপর্বের লড়াইয়ে ‘এ’ গ্রুপে মরক্কো, নাইজার ও লেসোথোর মুখোমুখি হবে গ্যাবন।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%