Advertisement

বিগ বস বাংলার অন্দরে লাফটার সেনের সেক্সুয়ালিটি নিয়ে জয়িতার কটাক্ষে তোলপাড় নেটদুনিয়া

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে এখন বিতর্কের তুফান। শোয়ের অন্যতম প্রতিযোগী এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন, যিনি নিরঞ্জন মণ্ডল নামেও পরিচিত, তাঁর সেক্সুয়ালিটি ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। জয়িতার এমন কুরুচিকর আচরণে নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন লাফটার সেনের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

ঘটনার সূত্রপাত রান্নাঘরে। একটি পর্বে লাফটার সেন জয়িতাকে হাইজিন বজায় রেখে ফল কাটার অনুরোধ করলে দুই প্রতিযোগীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয়িতা দাবি করেন, তিনি নিয়ম মেনেই কাজ করেছেন এবং বিগ বস গ্লাভস সরবরাহ না করায় এর চেয়ে বেশি কিছু করা তাঁর পক্ষে সম্ভব নয়। বিতর্কের আসল মোড় ঘোরে এরপরই। জয়িতা সরাসরি নাম না নিলেও লাফটার সেনকে ‘মেয়েলি’ বা ‘গে’ বলে উপহাস করেন এবং নিজেকে ‘হাই ক্লাস’ হিসেবে জাহির করার চেষ্টা করেন। উপস্থিত মানামী সরাসরি এমন মন্তব্যের প্রতিবাদ জানালেও জয়িতা নিজের অবস্থানে অনড় থাকেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা জয়িতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সৃজলার সঙ্গে কথোপকথনের সময় যিনি নারী-পুরুষের সমতা ও প্রগতিশীল চিন্তাধারার কথা বলছিলেন, তিনিই কীভাবে অন্য একজনের সেক্সুয়ালিটি নিয়ে প্রকাশ্যে উপহাস করতে পারেন, তা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। ভক্তদের মতে, অন্যের সম্মানহানি করা কোনোভাবেই উচ্চবিত্ত মানসিকতার পরিচয় হতে পারে না, বরং এটি সংকীর্ণতার বহিঃপ্রকাশ মাত্র।

লাফটার সেন আজ ডিজিটাল মাধ্যমে এক পরিচিত নাম। ‘মিচো সিরিজ’, ‘মিতাশ্রী আন্টি’ কিংবা ‘ছোট বউ’-এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কেবল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, হইচই-এর ‘বীরঙ্গনা’ সিরিজ এবং ‘কলকাতা টু কান’ অভিযানের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের ছাপ রেখেছেন। নিরঞ্জন নিজের সেক্সুয়ালিটি নিয়ে বরাবরই স্বচ্ছ এবং সাহসী; সমকামী হিসেবে নিজের পরিচয় তিনি গর্বের সঙ্গেই প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে জয়িতার বিরুদ্ধে বিতর্কের তালিকা এখানেই শেষ নয়। সম্প্রতি শোয়ের নতুন প্রোমোতে দেখা গেছে, তিনি অপর ইনফ্লুয়েন্সার ও অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে শারীরিক হেনস্তার গুরুতর অভিযোগ এনেছেন। যদিও সায়ক পাল্টা দাবি করেছেন, ঘটনার সময় তিনিই উল্টো আঘাত পেয়েছেন। শোয়ের অন্দরে ক্রমাগত বাড়তে থাকা এই সংঘাত এবং সম্পর্কের এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় বিনোদনপ্রেমী দর্শক।

0%
0%
0%
0%