ভূজপুরের মন্দিরে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার উদ্ধার পিতলের ত্রিশূল

চট্টগ্রামের ভূজপুর থানার গহিন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে ভক্ত সেজে প্রবেশ করে পিতলের ত্রিশূল ও দানবাক্স চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নয়ন কক্সবাজারের কুতুবদিয়া থানার উত্তর কৈয়ারবিল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে এবং বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ব্রাহ্মণ পূজা সম্পন্ন হওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা মূল্যের একটি পিতলের ত্রিশূল এবং দানবাক্স ভেঙে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই মন্দিরের লোকজন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জেলা পুলিশের তদারকিতে চোর শনাক্তে অভিযান শুরু হয়।
জিজ্ঞাসাবাদে নয়ন চন্দ্র নাথ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একই মন্দিরে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতের কাছ থেকে খণ্ডিত ত্রিশূলটি উদ্ধার করা হয়েছে এবং সোমবার সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যরা।
